
পঞ্চগড় থেকে ঢাকা হয়ে কক্সবাজার পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রায় ১ হাজার ৭৭ কিলোমিটার দীর্ঘ এ রেলপথ ব্রডগেজ বা ডুয়েলগেজে উন্নীত করতে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা।
রেলওয়ে সূত্র জানায়, টঙ্গী-আখাউড়া, লাকসাম-চট্টগ্রাম, চট্টগ্রাম-দোহাজারী, শান্তাহার-বগুড়া এবং বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ উন্নয়ন ও নির্মাণের মাধ্যমে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত নিরবচ্ছিন্ন রেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে। সরকারের বর্তমান মেয়াদেই প্রকল্পগুলো শেষ করে ট্রেন চালুর লক্ষ্য রয়েছে।
রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, পশ্চিম ও উত্তরাঞ্চলের মানুষ সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারবেন। এ রুটে প্রায় ২০টি আন্তঃনগরসহ প্রায় আড়াইশ ট্রেন পরিচালনার সুযোগ তৈরি হবে।
রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালু হলে দেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি যাত্রী, মালামাল ও কনটেইনার পরিবহণে দুই রেল অঞ্চল একীভূতভাবে কাজ করতে পারবে।
রেলওয়ে সূত্র আরও জানায়, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষিপণ্য এবং দক্ষিণাঞ্চলের লবণ ও শুঁটকি দ্রুত ও কম খরচে দেশের বিভিন্ন স্থানে পরিবহণ করা সম্ভব হবে। একই সঙ্গে ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ ও আঞ্চলিক বাণিজ্যের সুযোগও বাড়বে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, সরাসরি এই রুট চালুর জন্য প্রয়োজনীয় ইঞ্জিন, কোচ ও অন্যান্য রোলিংস্টক সংগ্রহের কাজও চলছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যাত্রীসেবার পাশাপাশি রেলের আয় বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।